রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে দেখা গেল এক অন্য ছবি। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক মঞ্চে অভিনয় করছেন, আর দর্শকাসনে বসে সেই নাটক উপভোগ করছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার ‘আ-শক্তি’ নাটক দেখতে অ্যাকাডেমিতে হাজির হয়েছিলেন তিনি। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও ভাবনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘আ-শক্তি’ নাটকটি। সাহিত্য ও নাটকের প্রতি আগ্রহ থাকায় প্রিয় কবির সৃষ্টিকে মঞ্চে দেখতে গিয়েছিলেন শমীক। রাজনৈতিক মতভেদ থাকলেও শিল্পের জায়গায় কোনও বিভাজন নেই, এমন বার্তাই যেন উঠে এল তাঁর উপস্থিতিতে। নাটকটি প্রযোজনা করেছে নাট্যদল ‘পূর্ব-পশ্চিম’।
এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেবশংকর হালদার। অন্যদিকে ‘কলকাতা’ শহরের প্রতীকী চরিত্রে দেখা গিয়েছে পার্থ ভৌমিককে। নাটক শেষে গ্রিন রুমে গিয়ে শিল্পীদের অভিনন্দনও জানান শমীক ভট্টাচার্য। পার্থর অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, রাজনীতিতে আসার আগেই অভিনেতা হিসেবে পার্থকে তিনি চিনতেন।
অ্যাকাডেমি চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, শিল্প এবং শিল্পীদের স্বাধীনতা রক্ষা করা খুবই জরুরি। তাঁর কথায়, কোনও সরকার বা রাজনৈতিক ব্যক্তি শিল্পচর্চাকে নিয়ন্ত্রণ করতে পারে না। নাটক তার নিজের নিয়মেই চলবে এবং শিল্পীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ “অস্কার নয়, আমার সবচেয়ে বড় প্রাপ্তি বিয়ে আর পরিবার” মুম্বইয়ের বড় অফার ছেড়েও সংসারকেই জীবনের আসল সাফল্য মানেন অপরাজিতা আঢ্য! সাফল্যের দৌড়ে মানুষ কি দূরে সরে যাচ্ছে নিজের পরিবার থেকে, কী জানালেন অভিনেত্রী?
এদিন রাজ্যে নাট্যচর্চা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, পুণের আদলে কলকাতাতেও নাট্যচর্চার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই এই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন শমীক ভট্টাচার্য।






